প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-নারায়ণগঞ্জের কারখানা দিয়ে শুরু হতে পারে শ্রমিক কল্যাণ কর্মসূচি
||
পোশাকশিল্পের শ্রমিকদের পুষ্টি, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও নিউট্রিশন ইন্টারন্যাশনাল।বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেএমইএ’র ঢাকা কার্যালয়ের সম্মেলনকক্ষে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়।সভায় বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর এ কে এম মুসা অংশ নেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।সভায় শ্রমিকদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা উন্নয়নের পাশাপাশি তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে একটি টেকসই ও খাতভিত্তিক কর্মসূচি প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করেন, শ্রমিকদের স্বাস্থ্য ও কল্যাণে কার্যকর উদ্যোগ কর্মক্ষেত্রের উৎপাদনশীলতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।প্রাথমিক পর্যায়ে ঢাকা ও নারায়ণগঞ্জের নির্বাচিত কয়েকটি কারখানার বর্তমান স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতি মূল্যায়নের বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে এ মূল্যায়নের ভিত্তিতে উভয় প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি যৌথ কর্মসূচি ডিজাইন ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনাও করা হয়েছে।সম্ভাব্য কর্মসূচির আওতায় শ্রমিকদের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আয়রন ও ফলিক অ্যাসিড-সংক্রান্ত কার্যক্রম এবং বিভিন্ন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ অন্তর্ভুক্ত করার কথা আলোচনা করা হয়।এ ছাড়া প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, জেন্ডারসংক্রান্ত বিষয়, পুরুষ শ্রমিকদের স্বাস্থ্যসেবা এবং দৃষ্টিসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও সম্ভাব্য যৌথ কর্মসূচির আওতায় রাখার বিষয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিকেএমইএ ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের এ যৌথ উদ্যোগ ভবিষ্যতে পোশাক খাতের শ্রমিকদের স্বাস্থ্য ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ