প্রিন্ট এর তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাদক-চাঁদাবাজিমুক্ত বক্তাবলী গড়তে চান এমপি আব্দুল্লাহ আল আমিন
||
নারীশিক্ষা, স্বাস্থ্য ও নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি মাদক, চাঁদাবাজি ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।রোববার (১৩ সেপ্টেম্বর) বক্তাবলী ইউনিয়নের গঙ্গানগরে মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদরাসায় জি.পি.এ-৫ পাওয়া ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষার্থীদের উদ্দেশে আব্দুল্লাহ আল আমিন বলেন, জীবনে বড় লক্ষ্য নির্ধারণ করে জ্ঞান ও শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। শুধু ভালো ফলাফল নয়, আত্মনির্ভরশীল ও ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার প্রতিও গুরুত্ব দিতে হবে।তিনি বলেন, একটি উন্নত ও সুন্দর সমাজের জন্য মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে। নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও কোনো ধরনের আপস করা উচিত নয়।মাদরাসাটির শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে সংসদ সদস্য প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে ওয়াশ ব্লকসহ যেসব ঘাটতি রয়েছে, সেগুলো পূরণে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান তিনি। একই সঙ্গে সমাজের কল্যাণে অবদান রাখা ব্যক্তিদের দলীয় পরিচয়ের বাইরে গিয়ে সম্মান ও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।বক্তাবলী ও আলীরটেকের মধ্যে সংযোগ স্থাপনের জন্য প্রস্তাবিত সেতু নির্মাণের বিষয়েও কথা বলেন আব্দুল্লাহ আল আমিন। তিনি জানান, দীর্ঘদিনের এই দাবিটি সংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে ইতোমধ্যে তুলে ধরা হয়েছে। সেতুর অবস্থান নিয়ে বিভেদ তৈরি না করে এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।এ সময় মাদক, চাঁদাবাজি, অবৈধভাবে মাটি কাটা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি। তাঁর বক্তব্য, অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে।বক্তাবলীকে নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে ভালো উদ্যোগের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য।অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মো. আলী আকবর সিকদার, মাদরাসার সুপার, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রামবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ