প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
নতুন রূপে ফিরবে জিয়া হল: আবুল কালাম
||
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় দীর্ঘদিনের পরিচিত শহীদ জিয়া হলকে নতুন অবকাঠামোয় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরোনো স্থাপনার পরিবর্তে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চাষাঢ়ায় জিয়া হল পুনর্নির্মাণ প্রকল্পের প্রাথমিক কার্যক্রম হিসেবে মাটি পরীক্ষা বা সয়েল টেস্টের উদ্বোধন করা হয়। এ সময় বক্তব্য দিতে গিয়ে প্রকল্পটির বিষয়ে তিনি এসব কথা জানান।অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম উপস্থিত ছিলেন।আবুল কালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত জিয়া হল নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের পক্ষ থেকে এটি পুনর্নির্মাণের দাবি ছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে পুরোনো ঐতিহ্যকে ধরে রেখে নতুন অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সমন্বয় করে জিয়া হল পুনর্নির্মাণের প্রাথমিক কাজ হিসেবে সয়েল টেস্ট শুরু করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।জিয়া হলের ভবিষ্যৎ অবকাঠামো প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, আগের কাঠামোর পরিবর্তে আরও আধুনিক ও সুন্দর বহুতল ভবন হিসেবে এটি গড়ে তোলার প্রত্যাশা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।বক্তব্যে আবুল কালাম বিগত সরকারের সময়ের সমালোচনা করে অভিযোগ করেন, গত ১৭ বছরে তৎকালীন সরকারের অনীহার কারণে নারায়ণগঞ্জের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি কার্যত বিলুপ্ত হয়ে যায়।তিনি বলেন, বর্তমানে নতুন করে জিয়া হলকে গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষের সঙ্গে এই ঐতিহ্যবাহী স্থাপনার সম্পর্ক আবারও শক্তিশালী হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ