প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতি-দুঃশাসন থেকে দেশকে বের করে আনতে ইসলামী ব্যবস্থা প্রয়োজন: চরমোনাই পীর
||
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামের শিক্ষা শুধু ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাঁর মতে, মানবতার মুক্তির পথ ইসলামের মধ্যেই নিহিত।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া রয়েল মুন রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।চরমোনাই পীর বলেন, মানুষ শান্তির সন্ধানে বিভিন্ন পথ ও পদ্ধতি অনুসরণ করছে, কিন্তু কাঙ্ক্ষিত শান্তি পাচ্ছে না। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায় ১৪ শত বছর আগে মহানবী হযরত মুহাম্মদ (সা.) যে পথের দিকনির্দেশনা দিয়েছেন, সেই পথ থেকে দূরে সরে গিয়ে মানুষ অন্য উপায়ে শান্তি খুঁজছে। তিনি ইসলামের নির্দেশিত পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।দেশের বর্তমান জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন রেজাউল করীম। তিনি বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চাপে রয়েছে। তাঁর বক্তব্যে দুর্নীতি ও দুঃশাসনকে এ অস্থিরতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।তিনি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা মোকাবিলার পক্ষে মত দেন।সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জ্বালানি তেলের নতুন করে মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ আব্দুর রশীদের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি মুফতি শিব্বির আহমাদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম এবং নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।এ ছাড়া জেলা শাখার সহসভাপতি আলহাজ ফারুক আহমাদ মুন্সী, মাওলানা হাবিবুর রহমান জিহাদী, নজরুল ইসলাম মাস্টার, জয়েন্ট সেক্রেটারি মো. মনির হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সামছুল আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী ও মাসুদ রানা এবং প্রচার সম্পাদক মাওলানা মো. হোসাইন গাজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ