প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের জন্য আলাদা উন্নয়ন পরিকল্পনা করা হবে: গৃহায়ণমন্ত্রী
||
নারায়ণগঞ্জের নগর উন্নয়নকে আরও পরিকল্পিত ও সমন্বিত করতে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, স্থানীয় মানুষের কাছে উন্নয়নসেবা সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য আলাদা পরিকল্পনা প্রণয়ন করে নগর উন্নয়নের কার্যক্রম পরিচালনা করা হবে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।এনডিএ গঠনের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, রাজউকের আওতাধীন এলাকা তুলনামূলক বড় হলেও সে অনুযায়ী জনবল পর্যাপ্ত ছিল না। ফলে স্থানীয় পর্যায়ে মানুষের সেবা আরও সহজ ও কার্যকর করতে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীর জন্যই নতুন এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, যাতে মানুষ নিজ এলাকার উন্নয়নসেবা আরও সহজে পেতে পারে। একই সঙ্গে পরিকল্পিত নগর গড়ে তোলার কাজও এগিয়ে নেওয়া হবে।রাজউকের সেবা ও দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাকারিয়া তাহের সুমন বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজউকের সেবাব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেবার প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম ডিজিটাল করার কাজ চলছে।মন্ত্রী বলেন, আগে রাজউকের আওতায় কোনো ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে মেইন ক্লিয়ারেন্সের প্রয়োজন হতো। এখন কারও নামে মিউটেশন সম্পন্ন হয়ে গেলে এ ধরনের কাজে আবার রাজউকে যাওয়ার প্রয়োজন নেই বলে জানান তিনি।সেবাগুলো দ্রুত ডিজিটাল ব্যবস্থায় নিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, যেকোনো পরিকল্পনা ২৪ দিনের মধ্যে অনুমোদনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। ভবিষ্যতের রাজউকের সেবাব্যবস্থায় আরও পরিবর্তন আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম নিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে এনডিএর আইন পাস হয়েছে এবং কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনেই এই কর্তৃপক্ষ গঠিত হয়েছে বলে জানান তিনি।নারায়ণগঞ্জের উন্নয়নে রাজউকের মাস্টারপ্ল্যানের পাশাপাশি এনডিএর নিজস্ব বিশেষ পরিকল্পনা প্রণয়নের কথাও জানান মন্ত্রী। ওই পরিকল্পনার ভিত্তিতে ভবিষ্যতে নগর উন্নয়নের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি উল্লেখ করেন।এনডিএর বর্তমান সীমানা আরও বাড়ানোর সম্ভাবনাও যাচাই করা হচ্ছে বলে জানান জাকারিয়া তাহের সুমন। এ ক্ষেত্রে ফতুল্লা, সোনারগাঁসহ আশপাশের এলাকাগুলোকে কর্তৃপক্ষের আওতায় আনার সুযোগ রয়েছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।এ বিষয়ে মন্ত্রী বলেন, এনডিএ গঠনের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল এবং একটি নতুন কর্তৃপক্ষ গঠন করে কার্যক্রম শুরু করতে সময় প্রয়োজন হয়। এনডিএ চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য সহজে ও অধিকতর সেবা নিশ্চিত করাই এনডিএ গঠনের অন্যতম উদ্দেশ্য।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ