প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজির মামলায় সিদ্ধিরগঞ্জে কৃষক দলের নেতা ফয়সাল গ্রেপ্তার
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাছিনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগে দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে চেকার হিসেবে কর্মরত মো. রফিকুল ইসলামের সঙ্গে গত ১ জুলাই সকালে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ফয়সাল। এ সময় ডিপোর ওই পয়েন্টে কর্মরতদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা দেওয়ার দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে রফিকুল ইসলামকে ভয়ভীতি দেখানো এবং মারাত্মক ক্ষতির হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে বিভিন্ন সময় ফোন করেও একইভাবে অর্থ দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।মামলার নথি অনুযায়ী, গত ১ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে ফয়সাল ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। সেখানে কর্মীদের কাছে পুনরায় এককালীন ২০ লাখ টাকা ও মাসিক ২ লাখ টাকা চাওয়া হয়।টাকা দিতে অস্বীকৃতি জানালে কর্মীদের সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও রয়েছে মামলায়। একই সঙ্গে চাঁদা না দিলে ডিপোতে কাজ করতে দেওয়া হবে না এবং এ ঘটনায় থানায় অভিযোগ বা মামলা করা হলে হত্যার পর মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।আগেও অভিযোগ উঠেছিলএর আগে সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালের বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ওঠার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।গত মার্চে সিদ্ধিরগঞ্জের বাসিন্দা দেলোয়ার হোসেন ভূঁইয়া সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন, ফয়সাল ও তার সহযোগীরা তাদের ড্রেজার ব্যবসার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন।এ ছাড়া গত ১ আগস্ট পদ্মা অয়েলের গোদনাইল ডিপোর ভেতরে প্রবেশ করে কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল ফয়সাল ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওই সময় এটিএফ ডেলিভারি পয়েন্টে কর্মী পরিবর্তনকে কেন্দ্র করে ফয়সাল, সজীব ভূঁইয়াসহ ১৫ থেকে ২০ জন ডিপোর ভেতরে প্রবেশ করে নবনিযুক্ত কর্মীদের চলে যেতে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়।চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ফয়সালকে নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ