প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
বাবা-মা সন্তানের বন্ধু হলে বিপদ এড়ানো সহজ: বন্দর ইউএনও
||
সন্তানের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবারে বাবা-মায়ের সঙ্গে তার গভীর মানসিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। তার মতে, বাবা-মা যদি সন্তানের কাছে বন্ধুর মতো হয়ে উঠতে পারেন, তাহলে সন্তান নিজের সমস্যা ও চিন্তার কথা সহজে পরিবারের সঙ্গে ভাগ করে নেবে এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও সচেতন থাকবে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বন্দর উপজেলার নৌবাহিনী ডকইয়ার্ড স্কুল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।শিবানী সরকার জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার মান পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তাভাবনা ও মানসিক বিকাশ বোঝার বিষয়টিকেও তিনি গুরুত্ব দেন। এ কারণে নিয়মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের চেষ্টা করেন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নৌবাহিনী ডকইয়ার্ড স্কুলে গিয়ে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভাবনা ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন।এ সময় তিনি বলেন, শিশুদের দৃষ্টিভঙ্গি কীভাবে গড়ে উঠছে, তাদের চিন্তার সঙ্গে বড়দের চিন্তার কোথায় মিল বা অমিল রয়েছে—এসব বিষয় জানা প্রয়োজন। পরিবার যদি সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে সন্তান তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বাবা-মায়ের সঙ্গে সহজে আলোচনা করতে পারবে।ইউএনও বলেন, শুধু পড়াশোনার মান উন্নত করা কিংবা ভালো শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই যথেষ্ট নয়। সন্তানদের জন্য প্রয়োজন যথাযথ দিকনির্দেশনা, পারিবারিক মূল্যবোধ এবং বাবা-মায়ের সঙ্গে শক্তিশালী মানসিক বন্ধন। একই সঙ্গে বড়দের নিজেদের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের সামনে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিকতার উদাহরণ তৈরি করতে হবে।তিনি আরও বলেন, সন্তানদের ভালোভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান—দুই জায়গারই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিশুদের সঙ্গে সময় দেওয়া, তাদের কথা শোনা এবং প্রয়োজন অনুযায়ী সঠিক পরামর্শ দেওয়া জরুরি।পরিদর্শন শেষে বন্দর ইউএনও শিশুদের সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “আমাদের সন্তানরা দুধে-ভাতে থাকুক।”
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ