প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
পুরো নারায়ণগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখবে এনডিএ: রাজীব
||
নারায়ণগঞ্জকে আরও পরিকল্পিত, বাসযোগ্য ও নাগরিকবান্ধব নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব। একই সঙ্গে নাগরিকদের আইনগত অধিকার ও সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে অযথা হয়রানি বা জটিলতা যেন না থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে এনডিএর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মাশুকুল ইসলাম রাজীব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।রাজীব বলেন, নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় এনডিএ। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত উন্নয়নের কারণে শহরে বসবাসের ক্ষেত্রে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। যথাযথ পরিকল্পনা অনুসরণ করে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হলে এমন পরিস্থিতি তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি।এনডিএ চেয়ারম্যান বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা গেলে নারায়ণগঞ্জকে মানুষের কাঙ্ক্ষিত নগর হিসেবে গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে নতুন প্রতিষ্ঠানটি কাজ করবে বলেও জানান তিনি।নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যপরিধি নিয়েও কথা বলেন রাজীব। তিনি বলেন, শুধু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার মধ্যে এনডিএর কার্যক্রম সীমাবদ্ধ না রেখে পুরো জেলার মানুষের প্রত্যাশা পূরণে প্রতিষ্ঠানটির ভূমিকা থাকা প্রয়োজন। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।রাজীব বলেন, এনডিএ প্রতিষ্ঠার পর নারায়ণগঞ্জবাসী এটিকে শুধু সিটি করপোরেশন এলাকার প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান না। পুরো নারায়ণগঞ্জের উন্নয়ন পরিকল্পনায় প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে—এটাই মানুষের প্রত্যাশা।তবে নতুন প্রতিষ্ঠান হিসেবে এনডিএর সামনে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও উল্লেখ করেন চেয়ারম্যান। তিনি জানান, অবকাঠামোগত সুবিধার পাশাপাশি প্রয়োজনীয় জনবলের ঘাটতিও রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে মন্ত্রীর কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে বলে জানান তিনি।নাগরিক সেবার বিষয়ে রাজীব বলেন, সরকারি কোনো দপ্তরে সেবা নিতে গিয়ে যেন মানুষকে অপ্রয়োজনীয় হয়রানি বা জটিলতার মুখে পড়তে না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। আইনগতভাবে প্রাপ্য সেবা ও অধিকার নাগরিকরা যাতে সহজভাবে পেতে পারেন, তা নিশ্চিত করতে এনডিএ কাজ করবে বলে জানান তিনি।তিনি বলেন, অতীতের বিভিন্ন প্রতিষ্ঠানের বিষয়ে নাগরিকদের মধ্যে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তনের মাধ্যমে একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলাই এনডিএর লক্ষ্য। এ কাজে নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ