প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-নারায়ণগঞ্জ বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি ছাত্র ফ্রন্টের
||
উৎসব-বন্ধন বাসে ৬০ টাকা ভাড়া নেওয়ার অভিযোগ ছাত্র ফ্রন্টেরঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ও বন্ধন পরিবহনের বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখা। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সপ্তাহের সাত দিন হাফপাস চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।বুধবার (২৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এসব অভিযোগ ও দাবি জানান সংগঠনের জেলা সভাপতি জয় হাসান এবং সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা।বিবৃতিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এর ফলে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। সংগঠনটির হিসাব অনুযায়ী, ঢাকা থেকে নারায়ণগঞ্জের ১৯ কিলোমিটার দূরত্বের ভাড়া ৪৯ টাকা ৪০ পয়সা হওয়ার কথা। এর সঙ্গে ফ্লাইওভারের ৫ টাকা টোল যোগ করলে মোট ভাড়া দাঁড়ায় ৫৪ টাকা ৪০ পয়সা।তবে বাস্তবে উৎসব ও বন্ধন পরিবহনের বাসে যাত্রীদের কাছ থেকে ৬০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র ফ্রন্ট। সংগঠনটির দাবি, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।শিক্ষার্থীদের হাফপাস নিয়েও আপত্তি জানিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের হাফপাসের ভাড়া ১০ টাকা বাড়ানো হয়েছে। ছাত্র ফ্রন্টের নেতাদের মতে, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফপাসের ক্ষেত্রে এ ধরনের অতিরিক্ত ভাড়া আরোপ অযৌক্তিক।বিবৃতিতে সংগঠনটি জানায়, এর আগেও বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং সপ্তাহের প্রতিদিন শিক্ষার্থীদের হাফপাস চালুর দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। তখন প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ তাদের।ছাত্র ফ্রন্টের নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এমনিতেই বেড়েছে। এর মধ্যে গণপরিবহনে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় হলে যাত্রীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়।ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া আদায়ের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, নিয়মিত নজরদারি এবং সপ্তাহের সাত দিন শিক্ষার্থীদের হাফপাস নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ