প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
ওসমানী স্টেডিয়ামে হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স
||
নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে দুটি স্টেডিয়ামকে ঘিরে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামকে সংস্কারের মাধ্যমে আবারও খেলাধুলার উপযোগী করার পাশাপাশি ওসমানী পৌর স্টেডিয়ামকে মাস্টারপ্ল্যানের আওতায় এনে আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের স্টেডিয়াম দুটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম।ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনের সময় ক্রীড়া সচিব জানান, একসময় স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছে। ২০১৬ সাল পর্যন্ত এখানে আন্তর্জাতিক টুর্নামেন্টও অনুষ্ঠিত হয়েছে। তবে পরবর্তী সময়ে পানি নিষ্কাশন ব্যবস্থার সমস্যা ও বিভিন্ন অবকাঠামোগত ত্রুটির কারণে মাঠটি ধীরে ধীরে নিচু হয়ে যায়। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় স্টেডিয়ামের অন্যান্য অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।স্টেডিয়ামটি পুনরায় খেলার উপযোগী করতে ইতোমধ্যে বিশেষজ্ঞ পর্যায়ে পর্যালোচনা শুরু হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল স্টেডিয়ামটি পরিদর্শন করে পুরো অবকাঠামো পর্যালোচনা করেছে এবং মাঠটিকে পুনরায় ব্যবহারযোগ্য করার বিষয়ে প্রাথমিক ধারণা দিয়েছে।মাহবুব উল আলম বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে স্টেডিয়ামের আউটডোর অংশে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। কিছু কাজ এখনো বাকি রয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে মাটি ভরাটের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।স্টেডিয়ামের অবকাঠামো পুনর্নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব জমা পড়ার পর সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। প্রয়োজন হলে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। এরপর পরিকল্পনা কমিশনসহ সংশ্লিষ্ট পর্যায়ের অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী কাজ এগিয়ে নেওয়া হবে।ক্রীড়া সচিব বলেন, রিয়া গোপ স্টেডিয়ামের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে। জেলা প্রশাসন, বিসিবি, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে স্টেডিয়ামটির হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।এর আগে ওসমানী পৌর স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া সচিব। সেখানে নারায়ণগঞ্জের ক্রীড়া সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এ জেলা থেকে অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করলেও এখানকার ক্রীড়া অবকাঠামো এখনো পূর্ণাঙ্গ স্টেডিয়ামের রূপ পায়নি।ওসমানী পৌর স্টেডিয়ামকে ঘিরে বড় পরিসরের পরিকল্পনার কথা জানিয়ে মাহবুব উল আলম বলেন, জেলা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। স্টেডিয়ামটিকে একটি মাস্টারপ্ল্যানের আওতায় এনে পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।প্রস্তাবিত কমপ্লেক্সে ফুটবল, ক্রিকেট, ইনডোর গেমস ও ফুটসালসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকার কাছাকাছি নারায়ণগঞ্জের অবস্থান ও যোগাযোগ সুবিধাকে কাজে লাগিয়ে এখানে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের সুযোগ তৈরির বিষয়টিও পরিকল্পনায় রাখা হয়েছে।ক্রীড়া সচিব আরও বলেন, আন্তর্জাতিক মানের স্পোর্টস কমপ্লেক্স তৈরির পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ এবং উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। মেধা অন্বেষণ ও ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার কার্যক্রমও চলমান রয়েছে।স্টেডিয়াম দুটি পরিদর্শনের সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ