প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অতিরিক্ত ভাড়া বন্ধের দাবি যাত্রী অধিকার ফোরামের
||
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনের জন্য নতুন ভাড়া নির্ধারণের প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাসভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এ দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৩ সেপ্টেম্বর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণপরিবহনের ভাড়া বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে। এতে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ১৭ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।এর আগে গত ২৩ এপ্রিল গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে নির্ধারিত ভাড়া দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সা।যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের হিসাব অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ১৯ কিলোমিটার দূরত্বের জন্য কিলোমিটারপ্রতি ২ টাকা ৬০ পয়সা হিসেবে মূল ভাড়া দাঁড়ায় ৪৯ টাকা ৪০ পয়সা। এর সঙ্গে ফ্লাইওভারের ৫ টাকা টোল যুক্ত হলে মোট ভাড়া হয় ৫৪ টাকা ৪০ পয়সা।তবে সংগঠনটির অভিযোগ, বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসে যাত্রীদের কাছ থেকে ৬০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। নির্ধারিত ভাড়ার সঙ্গে এ ভাড়ার পার্থক্য নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।এ অবস্থায় যাত্রীদের জিম্মি করে পরিবহন খাতে অরাজকতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। একই সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় তাদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা ভাড়া নির্ধারণের দাবিও জানিয়েছে সংগঠনটি। স্মারকলিপিতে ভাড়া নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে সরকারি নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ