প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উৎসব-বন্ধনের বাস চলাচল বন্ধ
||
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগকে কেন্দ্র করে উৎসব ও বন্ধন পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে দুই পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছিল। এর প্রতিবাদে দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন কাউন্টারে গিয়ে ৫৫ টাকার বেশি ভাড়া না নেওয়ার আহ্বান জানান।এ সময় চাষাঢ়া ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উৎসব ও বন্ধন পরিবহনের কাউন্টারে থাকা ব্যক্তিদের সঙ্গে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর পরপরই বিকেল ৪টা থেকে দুই পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, সরকারের বর্তমান নির্ধারিত বর্ধিত ভাড়া অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া কোনোভাবেই ৫৫ টাকার বেশি হওয়ার কথা নয়। তাই এর বেশি ভাড়া আদায় মেনে নেওয়া হবে না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে আরটিসির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান তারা।নেতৃবৃন্দের দাবি, কোনো সরকারি প্রজ্ঞাপন ছাড়াই সাধারণ যাত্রীদের ভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হাফ ভাড়াও বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।তাদের মতে, শিক্ষার্থীদের জন্য সপ্তাহের সাত দিন শর্তহীন হাফ পাস চালু করতে হবে। ৫৫ টাকা ভাড়ার অর্ধেক হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে ২৮ টাকা অথবা সর্বোচ্চ ৩০ টাকা নেওয়ার দাবি জানান তারা।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কারণ দেখিয়ে বাস মালিকপক্ষের অতিরিক্ত ভাড়া আদায়ের উদ্যোগ মেনে নেওয়া হবে না বলেও জানান ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ। একই সঙ্গে নির্ধারিত ভাড়া কার্যকর ও শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ