প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের বিরুদ্ধে বন্দরে বিক্ষোভ, নেতৃত্বে আবুল কাউছার আশা
||
বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জের জালাল হাজ্বীর মোড় থেকে মিছিলটি বের হয়। পরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সিরাজউদ্দোলা মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশার নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, মিছিলে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন।মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে আবুল কাউছার আশা বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তারা মনে করেন। বন্দরে এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করার পাশাপাশি জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষায় নেতাকর্মীরা রাজপথে সতর্ক থাকবে বলেও তিনি মন্তব্য করেন।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, অপশক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলার মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ দেওয়া হবে না বলেও তিনি জানান।তিনি আরও বলেন, বন্দরের মাটিতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ