প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
সোনারগাঁয়ে ৫৬ অবৈধ চুনা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন
||
অবৈধভাবে পরিচালিত চুনা কারখানার দূষণ বন্ধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা আন্দোলন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে মানববন্ধনটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোকাররম মামুন। এতে বক্তব্য দেন সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সুজন সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সংগঠনের সহসভাপতি মোয়াজ্জেনুল হক, যুগ্ম সম্পাদক মোফাখখার সাগর, কার্যনির্বাহী কমিটির সদস্য রোকেয়া আক্তার ও শিপন চৌধুরী। সমাপনী বক্তব্য দেন সভাপতি কবি রহমান মুজিব।মানববন্ধনে বক্তারা দাবি করেন, সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় প্রায় ৫৬টি অবৈধ চুনা কারখানা গড়ে উঠেছে। এসব কারখানা থেকে নির্গত দূষণের কারণে স্থানীয় পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।বক্তাদের ভাষ্য, আবাসিক এলাকার আশপাশে থাকা এসব কারখানার দূষণের কারণে শিশু ও বয়স্কসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি তৈরি হচ্ছে। একই সঙ্গে এলাকার প্রাকৃতিক পরিবেশের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেন তারা।মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, এসব অবৈধ কারখানা পরিচালনার ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক মহলের পাশাপাশি তিতাসের কিছু অসাধু কর্মকর্তার মদদ রয়েছে। বিশেষ কিছু পেশার ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগও তোলা হয় কর্মসূচি থেকে।তারা বলেন, অবৈধ চুনা কারখানার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশের পরও কার্যকর আইনগত ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। দ্রুত এসব কারখানা বন্ধের পাশাপাশি কারখানার মালিক, মদদদাতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।পরিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দা ও সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান বক্তারা।মানববন্ধনে রাশেদ এহসান, রমিম, সাংবাদিক খায়রুল ইসলাম খোকন, ইমরান হোসেন, ডালিম হোসেন, বিরুদ আলীসহ পরিবেশ রক্ষা আন্দোলনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ