প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের দোসররা সুযোগের অপেক্ষায়: আবুল কালাম
||
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম দলীয় নেতাকর্মীদের আশপাশের লোকজনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, বিএনপির কঠিন সময়ে যারা দল ও নেতাকর্মীদের পাশে ছিল না, তাদের কেউ কেউ এখন নিজেদের স্বার্থে বিএনপির সঙ্গে মিশে থাকার চেষ্টা করছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বন্দরের নবীগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে আয়োজিত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আবুল কালাম বলেন, বিএনপি ও নেতাকর্মীদের সহযোগিতা না করে যারা অতীতে নিজেদের স্বার্থ হাসিলের জন্য নীরব ছিল, তাদের অনেকেই এখন দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিশে থাকার চেষ্টা করছে বলে তিনি মনে করেন। স্বার্থের প্রয়োজন শেষ হলে তারা আবার সরে যেতে পারে উল্লেখ করে তিনি এসব ব্যক্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।বিএনপির অতীত আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ সময় দলটির নেতাকর্মীদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করতে হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ওই সময়ে নেতাকর্মীরা স্বাভাবিকভাবে বাড়িতে থাকতে পারেননি এবং ভোটাধিকারসহ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। ভবিষ্যতেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থাকার কথা জানান তিনি।দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আবুল কালাম বলেন, বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষরা এখনও সক্রিয় এবং তারা আবারও ফিরে আসার চেষ্টা করছে বলে তিনি মনে করেন। জুলাই আন্দোলনে হতাহতের প্রসঙ্গ তুলে তিনি সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান।তিনি বলেন, যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের রায়কে মেনে নেওয়ার কথাও বলেন তিনি।বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আবুল কালাম বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রাম ও রাজপথের কর্মসূচিতে থাকার পাশাপাশি সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধেও অবস্থান নেয়। ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আবুল কালাম। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং সামনে সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। এসব নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন তিনি।নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়ন প্রসঙ্গে আবুল কালাম বলেন, শহর ও বন্দরের উন্নয়নে দেওয়া বিভিন্ন আশ্বাস আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করা হবে। দীর্ঘ সময় পর জনগণের সমর্থনে তিনি আবার দায়িত্বে ফিরেছেন উল্লেখ করে শহর-বন্দরের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার কথা জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ