প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-নারায়ণগঞ্জ বাসভাড়া ৫৫ ও হাফপাস ৩০ টাকা করার দাবি বাসদের
||
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহার এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা হাফপাস চালুর দাবিও জানানো হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ এবং বাসদ বর্ধিত ফোরামের সদস্য রুহুল আমিন সোহাগ।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ার আগেই গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছিল। তাদের বক্তব্য অনুযায়ী, সরকারি প্রজ্ঞাপনে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ১৯ কিলোমিটার দূরত্বের ভাড়া দাঁড়ায় ৪৯ টাকা ৪০ পয়সা। এর সঙ্গে ৫ টাকা টোল যোগ করলে মোট ভাড়া হয় ৫৪ টাকা ৪০ পয়সা। তাই এ রুটে সর্বোচ্চ ভাড়া ৫৫ টাকা হওয়া উচিত বলে দাবি করেন তারা।বাসদ নেতাদের অভিযোগ, সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫ টাকা থেকে ভাড়া বাড়িয়ে ৬০ টাকা নেওয়া হয়েছিল। পরে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও শিক্ষার্থীদের আন্দোলনের পর ভাড়া আবার ৫৫ টাকা নেওয়া শুরু হয়। তবে বাস মালিকরা পুনরায় ভাড়া ৬০ টাকা করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন বক্তারা।তারা আরও বলেন, গত পাঁচ মাসে তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। নতুন করে জ্বালানির দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও গণপরিবহনের খরচ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা উল্লেখ করেন।সমাবেশ থেকে অবিলম্বে বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহার এবং গণপরিবহনের অযৌক্তিক ভাড়া বৃদ্ধি বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সর্বোচ্চ বাসভাড়া ৫৫ টাকা ও শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা হাফপাস নির্ধারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বাসদ নেতারা।পরে নেতাকর্মীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দিয়ে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ