প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর চলার গতি-কর্মের গতির সঙ্গে তাল মেলাতে চায় বিসিক
||
চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে নারায়ণগঞ্জে প্রথমবারের মতো চাকরি মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। চাকরি পাওয়ার প্রক্রিয়াকে সহজ করার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতেও বিসিক কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেনজির আহমেদ টিটো।মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জে আয়োজিত বিসিক চাকরি মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বেনজির আহমেদ টিটো বলেন, বিসিকের উদ্যোগে এবারই প্রথম চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হয়েছে। একই সঙ্গে চাকরি পাওয়ার প্রক্রিয়াটি আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।দেশে কর্মচাঞ্চল্য ও অর্থনৈতিক গতিশীলতা তৈরির বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর চলার গতি ও কর্মের গতির সঙ্গে বিসিক কতটা তাল মিলিয়ে এগোতে পারবে, সেটি নিয়ে তারা সবসময় সচেতন থাকেন।চাকরিপ্রার্থীদের উদ্দেশে বিসিক চেয়ারম্যান বলেন, সবাইকে শুধু চাকরি করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিলে হবে না। ভবিষ্যতে যেন অন্যদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায়, সেই মানসিকতা ও সক্ষমতা তৈরির প্রস্তুতিও নিতে হবে।তিনি বলেন, বিসিক উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছে। নিজস্ব ব্যবস্থাপনায় অতি ক্ষুদ্র ঋণ দেওয়ার কার্যক্রমও রয়েছে। দেশের অনেক বড় প্রতিষ্ঠানের যাত্রা বিসিকের মাধ্যমে শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।গ্রামীণ অর্থনীতিকে জাতীয় অর্থনীতির সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করে বেনজির আহমেদ টিটো বলেন, এ লক্ষ্যেই বিসিক কাজ করে যাচ্ছে। উদ্যোক্তাদের জন্য বিসিকের দরজা সবসময় খোলা থাকবে বলেও জানান তিনি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব এবং বিকেএমইএর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ সংশ্লিষ্টরা।বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিসিকের চাকরি মেলার এই উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর ১ কোটি বেকার যুবককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নেও এ ধরনের উদ্যোগ সহায়ক হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ