প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
ফতুল্লায় পিস্তলসদৃশ বস্তু হাতে একাধিক মামলার আসামি
||
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচনা তৈরি হয়েছে। ভিডিওটিতে এক যুবকের হাতে পিস্তলসদৃশ একটি কালো বস্তু দেখা যাওয়ার পর বিষয়টি পুলিশের নজরেও এসেছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কালো টি-শার্ট পরা এক যুবক এক হাতে মোবাইল ফোনে কথা বলছেন। অন্য হাতে কালো কভারযুক্ত ছোট আকারের পিস্তলসদৃশ একটি বস্তু নাড়াচ্ছেন।তবে ভিডিওতে থাকা বস্তুটি প্রকৃত আগ্নেয়াস্ত্র কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করে দেখছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে থাকা যুবকের নাম শান্ত। তিনি ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা ১ নম্বর রোড এলাকার ভাঙারি ব্যবসায়ী রাজ্জাকের ছেলে। স্থানীয় ছাত্রদল নেতা রায়হানের ভাই হিসেবেও তার পরিচয় রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্তর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের দাবি, মামলা থাকার পরও তাকে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যায়।তবে এসব অভিযোগের বিষয়ে শান্তর কোনো বক্তব্য পাওয়া যায়নি।এদিকে, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান জানান, ওই যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছে বলে জানান তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার নজরে এসেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ভিডিওতে দেখা বস্তুটি আগ্নেয়াস্ত্র কি না এবং ঘটনাটির বিষয়ে আইনগতভাবে কী পদক্ষেপ নেওয়া হবে, তা যাচাই সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ