প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
দ্বিতীয় দফার ৪ ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত হয়নি ঢাকা-নারায়ণগঞ্জ বাসভাড়া
||
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ও বন্ধন পরিবহনের ভাড়া নির্ধারণ নিয়ে প্রশাসন, বাস মালিক এবং শিক্ষার্থী-যাত্রী প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকেও সাধারণ যাত্রীর ভাড়া নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষার্থীদের ভাড়া ৩৪ টাকা নির্ধারণের বিষয়ে বৈঠকে অংশ নেওয়া পক্ষগুলো ঐকমত্যে পৌঁছেছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় চার ঘণ্টার আলোচনায় প্রথম এক ঘণ্টায় শিক্ষার্থীদের ভাড়া নিয়ে সমঝোতা হলেও সাধারণ যাত্রীর ভাড়া নির্ধারণে পরবর্তী তিন ঘণ্টার আলোচনাতেও সমাধান আসেনি।এর আগে গত ২৮ সেপ্টেম্বর ইউএনও কার্যালয়ে বাসভাড়া নিয়ে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেও কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে বুধবার দ্বিতীয় দফায় আলোচনায় বসেন প্রশাসন, বাস মালিক ও যাত্রী-শিক্ষার্থী প্রতিনিধিরা।প্রথম বৈঠকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩৪ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিপরীতে বাস মালিকপক্ষ শিক্ষার্থীদের জন্য ৩৫ টাকা ভাড়া প্রস্তাব করে। সাধারণ যাত্রীর ভাড়া নিয়েও বিভিন্ন পক্ষ থেকে একাধিক প্রস্তাব আসে। তবে সেদিন কোনো প্রস্তাবেই চূড়ান্ত ঐকমত্য হয়নি।বুধবারের বৈঠকে শিক্ষার্থীদের ভাড়া নিয়ে আলোচনার পর উভয় পক্ষ ৩৪ টাকায় সম্মত হয়। এরপর সাধারণ যাত্রীদের ভাড়া নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলে। তবে এ বিষয়ে কোনো পক্ষই চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি।এর আগে গত ২২ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে সরকারি প্রজ্ঞাপন জারির আগেই উৎসব ও বন্ধন পরিবহনের কর্তৃপক্ষ ঢাকা-নারায়ণগঞ্জ রুটের নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা নেওয়া শুরু করে বলে অভিযোগ ওঠে।ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পরদিন ২৩ সেপ্টেম্বর বিভিন্ন ছাত্র সংগঠন কর্মসূচি ঘোষণা করে। এরপর কয়েকদিন ধরে বিভিন্ন ব্যানারে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বাসের কর্মীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাসভাড়া নির্ধারণে প্রশাসনের উদ্যোগে আলোচনার আয়োজন করা হয়। ২৮ সেপ্টেম্বর প্রথম দফা এবং ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় দীর্ঘ সময় বৈঠক হলেও সাধারণ যাত্রীদের ভাড়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।ফলে শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়ার বিষয়ে সমঝোতা হলেও সাধারণ যাত্রীদের ক্ষেত্রে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কত ভাড়া কার্যকর হবে, তা নিয়ে সিদ্ধান্ত এখনো বাকি রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ