প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
আড়াইহাজারে শ্বশুরবাড়িতে আ'গুন দেওয়ার অভিযোগ জামাতার বিরুদ্ধে, দ'গ্ধ শাশুড়ি-স্ত্রী ও শিশুসন্তান
||
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর স্ত্রী, শাশুড়ি ও শিশুসন্তান দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তিনজনকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।বুধবার দিবাগত রাত ৩টার দিকে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত আলমগীর পাশের ঝাউগাঁও গ্রামের বাসিন্দা। তিনি দাসপাড়া এলাকার তানিয়া আক্তার বৃষ্টির স্বামী।পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘটনার সময় মোমেলা (৫৫), তাঁর মেয়ে তানিয়া আক্তার বৃষ্টি ও নাতনি হাফসা ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাতের দিকে হঠাৎ বসতঘরে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।এ ঘটনায় মোমেলা গুরুতর দগ্ধ হন। তাঁর মেয়ে তানিয়ার হাতে এবং শিশু হাফসার নাকে আগুনে দগ্ধ হওয়ার কথা জানিয়েছে পুলিশ।ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) হাকিম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, তানিয়া আক্তার বৃষ্টির সঙ্গে তাঁর স্বামী আলমগীরের পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে আলমগীর ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।দগ্ধ তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ ঘটনায় জামাতা আলমগীরকে আসামি করে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ