প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
বন্দরে ট্রাকচাপায় ইউনুস নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার
||
নারায়ণগঞ্জের বন্দরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় ইউনুস মিয়া (৬৫) নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় মো. আল আমিন (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।রোববার (৪ অক্টোবর) নিহত ইউনুস মিয়ার পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলাটি করা হয়। মামলার এজাহারে দুর্ঘটনায় সড়কের পাশের একটি দোকানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে।বন্দর থানার এফআইআর নম্বর-৭ অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলায় গ্রেপ্তার মো. ইউনুস কুমিল্লা সদর দক্ষিণ থানার শালমানপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। অপর আসামি মো. আল আমিন কুমিল্লার বরুড়া থানার বাসিন্দা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বন্দর রেললাইন এলাকায় মদনগঞ্জ থেকে মদনপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের একটি দোকানের ভেতরে উঠে যায়।এ সময় দোকানে বসে থাকা ইউনুস মিয়া ট্রাকের চাপায় নিহত হন। দুর্ঘটনায় দোকানমালিক সেলিম মিয়াসহ আরও কয়েকজন আহত হন।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ মামলার পর ট্রাকের হেলপার মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে। অপর আসামি মো. আল আমিনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ