প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫৮ টাকা ও হাফ পাস ৩৪ টাকা,অবরোধ স্থগিত
||
ঢাকা-নারায়ণগঞ্জ বাসভাড়া নিয়ে নীতিগত ঐকমত্য, ব্লকেড স্থগিতঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাসভাড়া নিয়ে দীর্ঘদিনের বিরোধের অবসানে নীতিগতভাবে সমঝোতায় পৌঁছেছে প্রশাসন, বাস মালিক সমিতি ও আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিরা। প্রস্তাব অনুযায়ী সাধারণ যাত্রীদের ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের হাফ পাস ৩৪ টাকা নির্ধারণের বিষয়ে ঐকমত্য হয়েছে।এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ৬ অক্টোবর সকাল ৮টা থেকে ঘোষিত অর্ধদিবস সড়ক অবরোধ বা ব্লকেড কর্মসূচি ৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের কক্ষে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার আলোচনা শেষে যৌথ ব্রিফিংয়ে কর্মসূচি স্থগিতের বিষয়টি জানানো হয়।এর আগে গত ৩০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা হাফ পাস নির্ধারণের বিষয়ে সমঝোতা হলেও সাধারণ যাত্রীদের ভাড়া নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরপর চার দফা বৈঠকের পরও সমাধান না হওয়ায় সাতটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’ আন্দোলনের ঘোষণা দেয় এবং ৬ অক্টোবর ব্লকেড কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।বৈঠক শেষে জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, যাত্রীদের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চেম্বার অব কমার্স, বিআরটিএ ও বাস মালিক সমিতির প্রতিনিধিদের নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ৭ অক্টোবর পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।তিনি বলেন, যাত্রীদের স্বার্থ বিবেচনায় নিয়ে বাস মালিকরা ভাড়ার ক্ষেত্রে কিছুটা ছাড় দিতে নীতিগতভাবে সম্মত হয়েছেন। আগামী ৭ অক্টোবর বিকেল ৪টায় সংশ্লিষ্ট সবাই আবার বৈঠকে বসবেন এবং সেদিন চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেন, দীর্ঘদিন ধরে চলা এ জটিলতার সমাধানে একাধিক দফা আলোচনার পর সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে। নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা পূরণের পাশাপাশি পরিবহন মালিকদের ব্যবসায়িক স্বার্থও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী বলেন, প্রশাসনের আশ্বাস এবং বাস মালিকদের নারায়ণগঞ্জবাসীর স্বার্থ বিবেচনায় নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে ৭ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওইদিন একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে বলে তারা আশা করছেন।বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা বলেন, সাধারণ যাত্রীদের জন্য ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়া নির্ধারণের প্রস্তাবের বিষয়ে নীতিগত অবস্থান তৈরি হয়েছে। তবে অন্যান্য বাস মালিকদের সঙ্গে আলোচনার জন্য কিছুটা সময় প্রয়োজন। একই সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি বাসের সংখ্যা বাড়ানো এবং রেলপথ দ্বিমুখী করে ট্রেনের বগি বৃদ্ধির বিষয়েও কর্তৃপক্ষ উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।জাতীয় ছাত্রশক্তি ও ছাত্র ফেডারেশনের নেতারা জানান, সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতেই আপাতত ব্লকেড কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে ৭ অক্টোবরের বৈঠকে দাবি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত না এলে তারা আবারও রাজপথের আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন।বৈঠকে বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিদর্শক মো. মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সিটি বন্ধন পরিবহনের পরিচালক শেখ সালাউদ্দিন, সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন খান (লিটন), পরিচালক মো. রতন, উৎসব পরিবহনের পরিচালক মো. লিটন ও মো. আনোয়ার, বাংলাদেশ ফার্মাসিস্ট আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাহবুবুর রহমান শামীম, ছাত্রদলের মেহেদী হাসান ফারহান ও সারোয়ার হোসেন সজীব, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের মুখ্য সংগঠক হিমাংশু দেওয়ান, জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় আহ্বায়ক আমিরুল ইসলাম এবং খেলাফত ছাত্র মজলিসের আশরাফুল ইসলাম মুজিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ