প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
চাষাঢ়া মোড় যানজটমুক্ত রাখার ঘোষণা শুধু মুখে নয়, বাস্তবেও প্রয়োগ হবে: এসপি হাবিবুর
||
নারায়ণগঞ্জ নগরীর ব্যস্ততম চাষাঢ়া মোড়কে যানজটমুক্ত রাখতে ঘোষণার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেছেন, চাষাঢ়াকে কেন্দ্র করে গড়ে ওঠা অটোরিকশার স্ট্যান্ড ও হকারদের অবস্থান নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য যানজটপ্রবণ এলাকাতেও এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর চাষাঢ়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মডেল গ্রুপ ও ‘উই আর ভলান্টিয়ার’ যৌথভাবে এ কার্যক্রমের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।এসপি হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া মোড়কে যানজটের কবল থেকে মুক্ত রাখতে যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটি কেবল বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মাঠপর্যায়ে এর বাস্তবায়ন নিশ্চিত করা হবে।তিনি বলেন, “নারায়ণগঞ্জের হার্ট হলো চাষাঢ়া মোড়। এই হার্ট যাতে কেউ ব্লক করতে না পারে, সে বিষয়ে আজ আমরা ঘোষণা দিলাম। এই ঘোষণা শুধু মুখে থাকবে না, বাস্তব ক্ষেত্রেও আমরা তা দেখব।”পুলিশ সুপার বলেন, চাষাঢ়া মোড় যানজটমুক্ত রাখা সম্ভব হলে নগরীতে চলাচলকারী মানুষের গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা নষ্ট হওয়ার প্রবণতা অনেকটাই কমানো যাবে। তবে চাষাঢ়াকে ঘিরে বিভিন্ন স্থানে অটোরিকশার স্ট্যান্ড ও হকারদের অবস্থান যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে এসব বিষয় নিয়ন্ত্রণে কাজ করা হবে।তিনি আরও জানান, চাষাঢ়ায় শুরু হওয়া ট্রাফিক ব্যবস্থাপনার এ উদ্যোগ পরবর্তীতে নগরের অন্যান্য গুরুত্বপূর্ণ ও যানজটপ্রবণ এলাকায় সম্প্রসারণ করা হবে।নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন, সবুজ, যানজটমুক্ত ও অপরাধমুক্ত হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন এসপি হাবিবুর। তার মতে, বড় কোনো পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। বর্তমানে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শুরু হওয়া ট্রাফিক নিয়ন্ত্রণের উদ্যোগটি স্বল্পমেয়াদি পরিকল্পনার অংশ।মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সরকারের কাছে প্রয়োজনীয় প্রস্তাব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের মাধ্যমে এসব প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে। প্রয়োজনীয় উদ্যোগগুলো বাস্তবায়ন করা গেলে নগরীকে আরও যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সোহেল আক্তার সোহান এবং ‘উই আর ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ