প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
আলেমরা রাজপথে নামলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: ফেরদাউসুর রহমান
||
হক্কানি আলেমদের বিরোধিতা করা হলে আলেম-ওলামারা রাজপথে নামলে জামায়াতে ইসলামীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান। একই সঙ্গে তিনি চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে দল-মতনির্বিশেষে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন।শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাদ আসর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ার বাগে জান্নাত মসজিদের সামনে গিয়ে শেষ হয়।বক্তব্যে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, দেশের মানুষ স্বস্তি ও শান্তিতে থাকতে চায়। নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যে দলেরই হোক না কেন, চাঁদাবাজি ও নৈরাজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাঁদের অবস্থান থাকবে। বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানান তিনি।জামায়াতে ইসলামীর সমালোচনা করে এই জমিয়ত নেতা অভিযোগ করেন, একটি গোষ্ঠী বায়তুল মোকাররমের খতিব ও জননন্দিত আলেম মাওলানা আবদুল মালেককে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তাঁর ভাষ্য, প্রবীণ এই আলেমের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।এ প্রসঙ্গে ফেরদাউসুর রহমান বলেন, হক্কানি আলেমদের বিরোধিতা করা হলে আলেম-ওলামারা মাঠে নামলে জামায়াতে ইসলামীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মাওলানা আবদুল মালেককে নীরব ব্যক্তি হিসেবে বিবেচনা করার বিষয়েও আপত্তি জানান তিনি। তাঁর দাবি, আবদুল মালেক সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও দেশের মানুষের হৃদয়ে তাঁর অবস্থান রয়েছে।তিনি আরও অভিযোগ করেন, একটি গোষ্ঠীর বিভিন্ন কর্মকাণ্ড ইতোমধ্যে জনসমক্ষে এসেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। ওই কর্মকাণ্ডকে ইসলামের আদর্শ হিসেবে উপস্থাপনের সমালোচনা করে তিনি বলেন, এমন ইসলামকে তাঁরা সমর্থন করেন না।মাওলানা কামাল উদ্দিন দায়েমীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুনির হোসাইন কাসেমী।এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মাসরুল আহমাদ ভূঁইয়া, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা আবদুর রশিদ, মাওলানা তৈয়বুর হোসাইন ও মাওলানা সালাউদ্দিন আজাদীসহ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ