প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ সদর ইউএনও গোল্ডকাপের প্রস্তুতি শুরু,সাত ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ
||
নারায়ণগঞ্জ সদর ইউএনও গোল্ডকাপে অংশ নেবে ৮ দল, সাত ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগশিক্ষার্থী ও তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আয়োজন করা হচ্ছে ইউএনও গোল্ডকাপ-২০২৬। এ প্রতিযোগিতা সামনে রেখে টুর্নামেন্টের প্রস্তুতি, দলগুলোর অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভা করেছে উপজেলা প্রশাসন। প্রতিযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়নের পাশাপাশি একটি ফুটবল ক্লাবসহ মোট আটটি দল অংশ নেবে।সোমবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়, খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভেনুভিত্তিক দায়িত্ব বণ্টনসহ প্রতিযোগিতার আয়োজনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন জানান, গোল্ডকাপে সাতটি ইউনিয়ন ও একটি ফুটবল ক্লাবের মোট আটটি দল অংশ নেবে। সংশ্লিষ্ট সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ নিজ দলের দায়িত্ব পালন করবেন। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে নকআউট পদ্ধতিতে। অংশগ্রহণকারী দলগুলোকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় খেলার সামগ্রী দেওয়া হবে।সাত ইউনিয়নে খেলার মাঠ ও প্রশিক্ষক নিয়োগের পরিকল্পনাফুটবল প্রতিযোগিতার পাশাপাশি উপজেলার ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নেও পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান ইউএনও। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সদর উপজেলার সাতটি ইউনিয়নে সাতটি খেলার মাঠ তৈরি, প্রতিটি ইউনিয়নে একজন করে লাইসেন্সধারী প্রশিক্ষক নিয়োগ এবং খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুমের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।এ ছাড়া ফুটবলের বাইরেও ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন খেলায় আগ্রহী শিশু-কিশোর ও তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।এস এম ফয়েজ উদ্দিন বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ করা জরুরি। খেলাধুলা শরীরচর্চার পাশাপাশি শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সহায়তা করে। ইউএনও গোল্ডকাপের মাধ্যমে ভালো খেলোয়াড়দের বাছাই করার সুযোগ তৈরি হবে।তরুণদের খেলাধুলায় ফেরাতে কাজ করছে উপজেলা ক্রীড়া সংস্থাসদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ছাত্র ও যুবসমাজকে খেলাধুলামুখী করতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে উপজেলা ক্রীড়া সংস্থা। এ উদ্যোগের অংশ হিসেবেই উপজেলা পর্যায়ে ইউএনও গোল্ডকাপ আয়োজন করা হচ্ছে।তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত খেলাধুলার আয়োজন এবং এ ধরনের উদ্যোগের প্রচার বাড়ানো গেলে ক্রীড়াঙ্গনের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে। এতে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও সহজ হবে।সভায় উপস্থিত ছিলেন যারাপ্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়াবিদ মো. সোহেল, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন এবং ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ