প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
||
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ, দায়িত্বে থাকবেন ৪০ স্বেচ্ছাসেবীনারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট, স্ট্যান্ডসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান শেষে দখলমুক্ত অংশে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মহাসড়কের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনের এলাকা থেকে শুরু করে গোলাকান্দাইল ও সাওঘাট পর্যন্ত সড়কের ফুটপাত দখল করে থাকা দোকানপাট, স্ট্যান্ড ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়।প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের আগে মাইকিং করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা পেয়ে অনেক ব্যবসায়ী নিজেরাই দোকানপাট ও অন্যান্য স্থাপনা সরিয়ে নেন। পরে যেসব স্থাপনা সড়ক ও ফুটপাত দখল করে ছিল, সেগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন উপস্থিত ছিলেন।অভিযান প্রসঙ্গে ইউএনও এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আপাতত ৪০ জন স্বেচ্ছাসেবী নিয়মিত দায়িত্ব পালন করবেন।তিনি আরও জানান, ভবিষ্যতে মহাসড়কে ডিভাইডার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ