প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ গ্রেপ্তার ২
||
সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ গ্রেপ্তার ২নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় একটি কাটিং ড্রেজার, একটি অ্যাঙ্কর বোট, একটি হাউস বোট, বালু পরিবহনের এক হাজার ফুট পাইপ এবং সদ্য উত্তোলিত আনুমানিক সাড়ে সাত হাজার ঘনফুট বালু ও মাটি জব্দ করা হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) রাতে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন ছনপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।নৌ পুলিশ সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। এ তথ্য পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নৌ পুলিশের একটি টহল দল অভিযান পরিচালনা করে। দলের নেতৃত্বে ছিলেন টহল দলের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন।অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার চর কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে আব্দুল খালেক (২৪)। তিনি ড্রেজারের গ্রিজার হিসেবে কাজ করতেন। অপরজন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ক্রোড়গাছা গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (৫২), যিনি লিভারম্যান হিসেবে কর্মরত ছিলেন।পুলিশের উপস্থিতিতে পালিয়ে যান কয়েকজননৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত আরও কয়েকজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে ড্রেজারের প্রকৌশলী আবু মুকিত শুভ (৪৫) রয়েছেন। তিনি রাজশাহীর বাগমারা থানার বসন্তপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।এ ছাড়া মানিকগঞ্জের দৌলতপুর থানার পারুলিয়া গ্রামের মোকসেদের ছেলে শাহ আলমসহ চঞ্চল, জাহাঙ্গীর, এনাম এবং অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজন পালিয়ে গেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।ড্রেজার, বোট ও পাইপ জব্দঅভিযানকালে ‘এম-০১-২৬২২’ নম্বরের একটি কাটিং ড্রেজার, একটি অ্যাঙ্কর বোট, একটি হাউস বোট, বালু পরিবহনের এক হাজার ফুট পাইপ এবং আনুমানিক ৭ হাজার ৫০০ ঘনফুট সদ্য উত্তোলিত বালু ও মাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, নৌ পুলিশের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এজাহার দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ