প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
২১ অক্টোবরের মধ্যে ইউনাইটেড অ্যাপারেলস খোলার সিদ্ধান্ত জানাতে হবে মালিকপক্ষকে
||
ইউনাইটেড অ্যাপারেলস নিয়ে ডিসির বৈঠক, ২১ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবেনারায়ণগঞ্জ প্রতিনিধি: বন্ধ কারখানা চালু, বকেয়া বেতন পরিশোধ ও শ্রমিকদের ছাঁটাইজনিত সুবিধা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে নারায়ণগঞ্জে ইউনাইটেড অ্যাপারেলস ও সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের বিষয়টি নিয়ে বৈঠক করেছে জেলা প্রশাসন। বৈঠকে আগামী ২১ অক্টোবরের মধ্যে ইউনাইটেড অ্যাপারেলস কারখানা কবে চালু হবে এবং শ্রমিকদের বকেয়া বেতন কখন দেওয়া হবে, তা স্পষ্ট করে জানাতে মালিকপক্ষকে বলা হয়েছে।রোববার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবও বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে অংশ নেন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ও পরিচালক মামুনুর রশিদসহ অন্য প্রতিনিধিরা। শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি শ্রমিকনেতা হাফিজুল ইসলাম, গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি এম এ শাহীনসহ ১৫ জন প্রতিনিধি।বৈঠকে আলোচনার সিদ্ধান্ত তুলে ধরে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, শ্রমিকদের চলমান সমস্যা সমাধানে জেলা প্রশাসকের সভাপতিত্বে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেছেন।তিনি বলেন, আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, ২১ অক্টোবরের মধ্যে ইউনাইটেড অ্যাপারেলস কারখানা পুনরায় চালুর সম্ভাব্য তারিখ জানাতে হবে মালিকপক্ষকে। একই সঙ্গে কারখানা চালুর পর শ্রমিকদের বকেয়া বেতন কবে পরিশোধ করা হবে, সে বিষয়েও নির্দিষ্টভাবে জানাতে হবে।কারখানা বন্ধ থাকাকালীন শ্রমিকদের পাওনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। ইকবাল হোসেনের ভাষ্য, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ থাকার সময়ের জন্য কোনো পাওনা দিতে মালিকপক্ষ সম্মত হয়নি। তবে ওই সময়ের জন্য শ্রমিকদের কিছু আর্থিক সুবিধা অথবা হাজিরাভিত্তিক পাওনা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।এ ছাড়া ইউনাইটেড অ্যাপারেলসের ৪৩ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করার বিষয়টি তুলে ধরে তাঁদের জন্য ছাঁটাইজনিত সুবিধা দাবি করেছে শ্রমিক সংগঠন। ইকবাল হোসেন বলেন, সাময়িক বরখাস্তের পরিবর্তে শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী শ্রমিকদের ছাঁটাইজনিত সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে। যেসব শ্রমিকের চাকরির মেয়াদ এক বছর পূর্ণ হয়নি, তাঁদেরও অন্তত এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার অনুরোধ করা হয়েছে।এর আগে গত ৮ অক্টোবর সকালে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় ইউনাইটেড অ্যাপারেলস কারখানার সামনে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা। বন্ধ কারখানা খুলে দেওয়া, বকেয়া বেতন পরিশোধ এবং অন্যায্য ছাঁটাই বন্ধের দাবিতে তাঁরা ওই কর্মসূচি পালন করেন।পরে একই দাবিতে ১৩ অক্টোবর সকালে চাষাঢ়ায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ কর্মসূচি প্রশাসনের হস্তক্ষেপে শেষ হয়। এরপর শ্রমিকদের চলমান সংকট নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়।এখন ২১ অক্টোবরের মধ্যে মালিকপক্ষের সিদ্ধান্ত জানানোর বিষয়টি শ্রমিকদের দাবিদাওয়া ও কারখানার ভবিষ্যৎ নিয়ে পরবর্তী পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ