প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
প্রিয় শিক্ষক আব্দুল হামিদের স্মরণে বি.এম.-৯২ ব্যাচের দোয়া মাহফিল
||
‘আদর্শ শিক্ষকের সব গুণ ছিল আব্দুল হামিদ স্যারের মধ্যে’বি.এম. ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল হামিদ ছিলেন শিক্ষার্থীদের কাছে শ্রদ্ধাভাজন ও অনুসরণীয় একজন শিক্ষক। দীর্ঘ ৩৫ বছর ইসলাম শিক্ষা বিষয়ে পাঠদানের পাশাপাশি তিনি বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মময় জীবন ও অবদান স্মরণ করে এ মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল আলম খান পাভেল।শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুমা কলেজের গভর্নিং বডির মিলনায়তনে আব্দুল হামিদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বি.এম.-৯২ ব্যাচের উদ্যোগে এ আয়োজন করা হয়।স্মৃতিচারণ করতে গিয়ে মাজহারুল আলম খান পাভেল বলেন, “ছাত্রজীবনে যাঁর কাছে দোয়া চেয়েছি, আজ তাঁর জন্য দোয়া করতে বসেছি। শিক্ষকতার পাশাপাশি তিনি মসজিদের ইমাম ছিলেন। একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য যে গুণাবলি প্রয়োজন, তাঁর মধ্যে তার সবই ছিল।”তিনি আরও বলেন, শিক্ষকদের কাছ থেকে পাওয়া শিক্ষা ও দিকনির্দেশনা তাঁর জীবনের বর্তমান অবস্থানে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ কারণে আব্দুল হামিদ স্যারের অবদান তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।অনুষ্ঠানে পাভেল জানান, আগামী রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর আব্দুল হামিদের জন্য সেখানে দোয়ার আয়োজন করা হবে। এ ছাড়া বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের একত্র করে বৃহৎ পরিসরে দোয়া ও মিলাদ মাহফিলের উদ্যোগ নেওয়া হলে প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি সহযোগিতা করবে।বি.এম.-৯২ ব্যাচের মিল্লাত হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আব্দুল গণি, অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মেহেদী হাসান সজীব, সদস্যসচিব ও অধ্যক্ষ আজিজুর রহমান, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক প্রতিনিধি আলাউদ্দিন সরকার এরিক এবং বি.এম.-৮৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও মরহুমের বড় মেয়ের জামাতা গোলাম হোসেন।এ ছাড়া উপস্থিত ছিলেন বি.এম.-৯২ ব্যাচের সভাপতি মো. মোহাতার বিল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন মিলন এবং প্রতিষ্ঠানের সাবেক অভিভাবক সদস্য মহিউদ্দিন সিদ্দিকী। অনুষ্ঠানে বি.এম.-৮৩, ৮৬ ও ৮৯ ব্যাচের প্রতিনিধিরাও অংশ নেন।অনুষ্ঠানের শেষপর্বে মরহুম হাফেজ মাওলানা আব্দুল হামিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মো. আলাউদ্দিন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ