প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে রিচ প্লাসের শ্রমিকদের বিক্ষোভ
||
কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে রিচ প্লাসের শ্রমিকদের বিক্ষোভনারায়ণগঞ্জের ফতুল্লায় রিচ প্লাস নিটওয়্যার লিমিটেড কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতনসহ সব আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। তাঁদের অভিযোগ, শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা না করেই মালিকপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এতে শতাধিক শ্রমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে প্রায় ৬০ জন শ্রমিক অংশ নেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে চাষাঢ়া মোড়ে গিয়ে কর্মসূচি শেষ করেন তাঁরা।সমাবেশে শ্রমিকনেতারা জানান, পূজার ছুটি শেষে শনিবার সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকেরা কারখানার ফটক তালাবদ্ধ দেখতে পান। সেখানে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙানো ছিল। হঠাৎ এমন সিদ্ধান্তে শ্রমিকেরা বিপাকে পড়েছেন বলে দাবি করেন তাঁরা।সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব বলেন, কারখানা বন্ধের আগে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের কোনো আলোচনা হয়নি। কারখানা কবে চালু হবে কিংবা শ্রমিকদের পাওনা কখন ও কীভাবে পরিশোধ করা হবে, সে বিষয়েও পরিষ্কার কিছু জানানো হয়নি।তিনি অভিযোগ করেন, শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বেতন পাননি। অবিলম্বে কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তা সম্ভব না হলে শ্রমিকদের আইনসংগত পাওনা পরিশোধের নির্দিষ্ট সময় জানাতে হবে। এ সংকট নিরসনে প্রশাসন ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) হস্তক্ষেপও দাবি করেন তিনি।গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়াই কারখানা বন্ধ করে নোটিশে এক মাস পর টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তাঁর দাবি, এভাবে কারখানা বন্ধের সিদ্ধান্ত বেআইনি। শ্রমিকদের স্বার্থ রক্ষায় দ্রুত কারখানা চালু এবং বকেয়া পাওনা পরিশোধ করতে হবে।সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ বলেন, সেপ্টেম্বর মাসের বেতন ও অক্টোবর মাসে কাজের মজুরি পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পূজা উপলক্ষে তিন দিনের ছুটি শেষে শনিবার কাজে এসে শ্রমিকেরা বন্ধ কারখানা দেখতে পান।তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নিয়মতান্ত্রিকভাবে শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলন করে। রিচ প্লাসের শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে সংগঠনটি পাশে থাকবে বলেও জানান তিনি।সমাবেশ থেকে কারখানা পুনরায় চালু, শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য আইনানুগ পাওনা পরিশোধের দাবি জানানো হয়। পাশাপাশি জাতীয় পে-স্কেলের সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরি কাঠামো প্রণয়নের দাবিও তোলা হয়।গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি হাসনাত কবীরের সঞ্চালনায় সমাবেশে সংগঠনটির অন্যান্য নেতারাও বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ