প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
সমবায় ব্যাংক মার্কেট ভাঙার উদ্যোগে ব্যবসায়ীদের প্রতিবাদ
||
সমবায় ব্যাংক মার্কেট ভাঙার উদ্যোগে ব্যবসায়ীদের প্রতিবাদনারায়ণগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংক মার্কেট ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীরা। তাঁদের মতে, বিদ্যমান ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত ‘অহেতুক ও হঠকারী’। এতে মার্কেটের ওপর নির্ভরশীল ব্যবসায়ী ও কর্মচারীদের জীবিকা হুমকির মুখে পড়বে।শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় চাষাঢ়ার শরীফ সুপার মার্কেটের বিবাহ ঘর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাঁদের আপত্তি ও উদ্বেগের কথা তুলে ধরেন।সমবায় নিউ মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি খাজা এবাদুল হক টিপুর সভাপতিত্বে সভায় সংগঠনের সম্পাদক গোলাম মোসাদ্দেক ভূঁইয়াসহ মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।সভায় ব্যবসায়ীরা মার্কেটটির নির্মাণ ও সম্প্রসারণের ইতিহাস তুলে ধরে জানান, ১৯৯৫ সালে এর নির্মাণকাজ শুরু হয়। প্রথমে একতলা নির্মাণ করা হয়। কয়েক বছর বিরতির পর দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয়। এরপর পর্যায়ক্রমে তৃতীয় ও চতুর্থ তলা নির্মিত হয়। সর্বশেষ ২০২০ সালে পঞ্চম তলার নির্মাণকাজ শেষ করে ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দেওয়া হয়।ব্যবসায়ীদের অভিযোগ, পঞ্চম তলার কাজ শেষ হওয়ার কয়েক বছরের মধ্যেই নারায়ণগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংক ও সমবায় অধিদপ্তরের একটি মহল পুরো মার্কেট ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে। অথচ তাঁদের দাবি, ভবনটিকে এখনো পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। সম্প্রতি সম্প্রসারণ ও সংস্কারের কাজ শেষ হওয়ার পর পুরো ভবন ভেঙে ফেলার উদ্যোগের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।মার্কেটটির সঙ্গে বিপুলসংখ্যক মানুষের জীবিকা জড়িত উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, এখানে তিন শতাধিক দোকানের পজিশনধারী রয়েছেন। দোকান মালিক, ব্যবসায়ী ও কর্মচারী মিলিয়ে দেড় হাজারের বেশি পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মার্কেটটির ওপর নির্ভরশীল। ভবনটি ভেঙে ফেলা হলে এসব পরিবারের আয়ের পথ অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা তাঁদের।নতুন ভবন নির্মাণের উদ্যোগের পেছনে অনিয়মের আশঙ্কাও প্রকাশ করেন সভায় অংশ নেওয়া ব্যবসায়ীরা। নিজেদের স্বার্থ ও অধিকার রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তাঁরা।সভায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলীনুর ও আবুল কাশেমের অবদান স্মরণ করেন ব্যবসায়ীরা। তাঁদের ভাষ্য, দায়িত্বে থাকাকালে এই দুই সাবেক চেয়ারম্যান দোকান মালিকদের বিভিন্ন সমস্যা ও সংকটে পাশে দাঁড়াতেন।ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মাজাহারুল ইসলাম জোসেফ তাঁদের ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল হবেন। একই সঙ্গে মার্কেট ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ পুনর্বিবেচনা করে দোকান মালিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ