প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
জাপানে সোনা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার গোগনগরের সাবেক চেয়ারম্যান ফজর আলী
||
সিঙ্গাপুর-জাপান যাতায়াতের সূত্র ধরে গ্রেপ্তার গোগনগনের সাবেক চেয়ারম্যান ফজর আলীনারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজর আলীকে জাপানে গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। সিঙ্গাপুর থেকে জাপানে সোনা ও অলঙ্কার নিয়ে প্রবেশের সময় শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জাপানের পুলিশ। একই ঘটনায় কোইচি তানাকা (৬৩) নামে দেশটির এক নাগরিকও গ্রেপ্তার হয়েছেন।গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি সামনে আসে। জাপানের টিবিএসের প্রতিবেদনে ফজর আলীর নাম ‘আলি ফাজার’ (৬১) হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশের কাছে তানাকা নিজেকে পরিবহন ব্যবসায়ী এবং ফজর আলী একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলে পরিচয় দিয়েছেন।তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত আগস্টে সিঙ্গাপুর থেকে নারিতা বিমানবন্দর হয়ে জাপানে প্রবেশের সময় শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা না করা সোনার সামগ্রী শনাক্ত হয়। মোট ৬৯টি সামগ্রীর ওজন প্রায় ১ দশমিক ৮ কেজি। জাপানের বাজারে এগুলোর আনুমানিক মূল্য ৪ কোটি ৫ লাখ ৭০ হাজার ইয়েন।জাপানের গুনমা পুলিশের বরাতে এফএম গুনমা জানিয়েছে, এসব সামগ্রীর মাধ্যমে প্রায় ৪৩ লাখ ৬০ হাজার ইয়েনের শুল্ক ও ভোগকর এড়ানোর পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিমানবন্দরে তানাকার পোশাকের পকেট থেকে সামগ্রীগুলো শনাক্ত করেন শুল্ক কর্মকর্তারা।ঘটনাটির তদন্ত করতে গিয়ে দুই ব্যক্তির সিঙ্গাপুর যাতায়াতের বিষয়টিও সামনে এনেছে পুলিশ। টিবিএসের তথ্য অনুযায়ী, তাঁরা আলাদাভাবে একাধিকবার সিঙ্গাপুরে গেছেন। পাশাপাশি গুনমা অঞ্চলের বিভিন্ন দোকানে সোনা বিক্রির সঙ্গেও তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জাপানে প্রবেশের আগে ও পরে তাঁদের ঘন ঘন যাতায়াতের তথ্যও তদন্তে গুরুত্ব পাচ্ছে।তবে পুলিশের জিজ্ঞাসাবাদে দুজনই অভিযোগ অস্বীকার করেছেন। তানাকা বলেছেন, কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তিনি কোনো কাজ করেননি। ফজর আলীও এই ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন।এদিকে ফজর আলীর রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়েও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। ২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে একই পদে দায়িত্ব পালন করেছিলেন তাঁর ভাই। স্থানীয় রাজনৈতিক মহলে তিনি প্রভাবশালী ওসমান পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ফজর আলী আত্মগোপনে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হামলার অভিযোগে দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ