প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
||
চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিরোধে আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহকে কেন্দ্র করে আগে থেকেই বিরোধে জড়িয়েছিলেন বিএনপির দুই নেতার অনুসারীরা। সেই বিরোধের জেরে এবার সংঘর্ষে জড়িয়েছেন তাঁদের সমর্থকেরা। এতে দুই পক্ষের অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন।রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাখরাজ মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে জড়ানো দুই পক্ষের একটির নেতৃত্বে রয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহাম্মেদ সালামত। অপর পক্ষটি আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজিত সমাবেশ ও র্যালিতে অংশ নেওয়ার পর বাড়ি ফেরার পথে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়।আহত ব্যক্তিদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে রিফাতুল্লাহ (৩৫) ও শাহজাহান (৪০)-এর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে পুলিশ। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।স্থানীয়দের ভাষ্য, সালাউদ্দিন আহাম্মেদ সালামত ও মোবারক হোসেন—দুজনই কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। এ নিয়ে তাঁদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। সেই বিরোধের প্রভাব অনুসারীদের মধ্যেও ছড়িয়ে পড়ে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষে ফেরার পথে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।ওসি আরও জানান, আহতদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ