প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভের পরও সচল নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলো
||
শ্রমিক বিক্ষোভের ঘটনার পর নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এর প্রভাব পড়েনি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রমে। জেলার ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় স্বাভাবিকভাবে কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল।রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। অন্যান্য দিনের মতোই শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে জেলার কোনো পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়নি।শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত জানান, আগে যেসব শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেসব এলাকা চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বর্তমানে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিক ও শ্রমিকদের আন্তরিকতা এবং পারস্পরিক সহযোগিতার ফলে কর্মপরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে। বর্তমানে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।অন্যদিকে, জেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫৭৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি বলেন, দেশের অন্য কিছু এলাকায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। জেলা পুলিশের সদস্যসংখ্যা তুলনামূলক কম হওয়ায় মুন্সিগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে। শ্রমিক অসন্তোষের ঝুঁকি এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।এ ছাড়া জেলা পুলিশ, শিল্প পুলিশ ও এসআরবি-১১-এর সদস্যরাও শিল্পাঞ্চলের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা, গোয়েন্দা নজরদারি এবং মালিক-শ্রমিকদের পারস্পরিক সহযোগিতায় জেলার পোশাকশিল্পে আপাতত স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ