প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
পাওনা প্রায় ১০ লাখ টাকা, ব্যবসায়ীদের মামলায় গঙ্গানগরের নাসিম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া প্রায় ১০ লাখ টাকা পরিশোধ না করা এবং টাকা চাইলে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মো. নাসিম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার নাসিমের পিতার নাম আসাদউল্লাহ। তার বাড়ি নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের গঙ্গানগর গ্রামে।শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফতুল্লা মডেল থানার এসআই হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় অভিযুক্ত আরও তিনজন পলাতক রয়েছেন বলে জানা গেছে।মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুই ব্যবসায়ী কাউছার আহমেদ ও মো. আল আমিনের সঙ্গে অভিযুক্তদের আর্থিক লেনদেন ছিল। এর মধ্যে কাউছার আহমেদের পাওনা ৬ লাখ ৪৫ হাজার ৬৪০ টাকা এবং আল আমিনের পাওনা ৩ লাখ ৪২ হাজার ৩৮২ টাকা। দুই ব্যবসায়ীর দাবি অনুযায়ী, সর্বমোট পাওনা ৯ লাখ ৮৮ হাজার ২২ টাকা।অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে পাওনা টাকা পরিশোধের কথা বলা হলেও অভিযুক্ত নাসিম বিভিন্ন সময়ে টাকা দিতে অস্বীকৃতি জানান। এমনকি পাওনা টাকা চাইতে গেলে 'টাকা দেব না' বলাসহ নানা ধরনের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।পাওনা টাকা ফেরত না পাওয়ায় দুই ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকেন। একপর্যায়ে কোনো সমাধান না পেয়ে তারা আইনের আশ্রয় নিয়ে আদালতে মামলা দায়ের করেন।মামলার নথিতে নাসিমসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এসআই হামিদের নেতৃত্বে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি নাসিমকে গ্রেপ্তার করা হয়। বাকি তিনজন পলাতক রয়েছেন বলে জানা গেছে।মামলার অভিযোগ অনুযায়ী, আসামি নাসিম পর্যায়ক্রমে দুই ব্যবসায়ীর কাছ থেকে মুরগির ফিড (খাদ্য) সংগ্রহ করেন। এভাবে বিভিন্ন সময়ে ফিড নেওয়ার পর মূল্য পরিশোধ না করায় তার কাছে কাউছার আহমেদ ও মো. আল আমিনের মোট ৯ লাখ ৮৮ হাজার ২২ টাকা বকেয়া জমা হয়। দীর্ঘদিন ধরে পাওনা টাকা পরিশোধের জন্য তাগাদা দেওয়া হলেও টাকা না পাওয়ায় শেষ পর্যন্ত আইনের আশ্রয় নেন ওই দুই ব্যবসায়ী।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ